রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পবিপ্রবিতে শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৬:০২ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ০৬:০২ পিএম

পবিপ্রবিতে শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় দুমকি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে।  

বুধবার (১৩ মে) দিবাগত রাতে দুমকি থানায় বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার ১১ নম্বর আসামি গোলাম কিবরিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে। তিনি দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চরবয়ড়া গ্রামের আবু জাফর হাওলাদারের ছেলে।  

এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকায় একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, শিক্ষক এস এম সাইফুল ইসলাম এবং ড. মো. নিজাম উদ্দিনসহ প্রায় ৩০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আহত হন। গুরুতর আহত শিক্ষক ড. মো. নিজাম উদ্দিনের পাঁজরের ৩টি হাড় ভেঙে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়াও হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের মোটরসাইকেল, সাউন্ড সিস্টেম এবং আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা এই ন্যাক্কারজনক ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন।

দুমকি থানা পুলিশ জানায়, এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও কর্মচারীরা হামলার মূল পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

জ/দু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.