বরিশালের গৌরনদীতে এক স্কুলছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগে লিপন শরীফ নামে এক যুবদল নেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্যের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত লিপন শরীফকে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে তার বিচারের দাবিতে বিক্ষোভ করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লিপন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সদস্য বলে স্থানীয়ভাবে পরিচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন জানান, লিপন শরীফ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
তিনি জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের বিরতির সময় দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করেন লিপন। পরে তাকে বিদ্যালয়ের মাঠে নিয়ে কান ধরে ওঠবস করানো হয়। এ সময় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী এর প্রতিবাদ করলে লিপন তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং গালিগালাজ করেন বলে অভিযোগ।
এর প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা অভিযুক্তের বিচার ও শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে লিপন শরীফ লাঠি হাতে বিদ্যালয়ে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে একটি কক্ষে আটকে রাখেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমকে জানান। পরে ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পুলিশ নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ছাত্রীদের উদ্দেশে কথা বলা, ছাত্রদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় লিপন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, দণ্ডপ্রাপ্ত লিপন শরীফকে বুধবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে লিপন শরীফের দাবি, বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়মিত ক্লাস ফাঁকি দিয়ে এলাকায় ঘোরাফেরা করত। বিষয়টি শিক্ষকদের জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি তাদের শাসন করতে গিয়েছিলেন। নিজের সন্তানের মতো ভেবে শিক্ষার্থীদের শাসন করতে গিয়ে তিনি দণ্ডিত হয়েছেন বলেও দাবি করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









