রাজধানীর রাজারবাগ এলাকায় রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্তকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজারবাগের মোমিনবাগ গলিতে এই বিশেষ অভিযান ও এলাকা পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের নেতৃত্ব দেন।
অভিযানকালে এলাকায় রাস্তায় জমে থাকা পানি অপসারণ ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একটি নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে পানি জমে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবন মালিকদের দ্রুত জমে থাকা পানি অপসারণ এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শন শেষে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন ও ব্যবসায় প্রতিষ্ঠানে পানি জমতে না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখল করে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে কঠোর নির্দেশ দেওয়া হয়। ডিএসসিসি জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
উক্ত পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









