কোরিয়ার ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং ও কোইকা (KOICA) প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে কোইকার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (এনআইএএনইআর)-এ নার্সিং বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কোরিয়ার ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং-এর অধ্যাপক ড. তায়ে ওয়া লি-এর নেতৃত্বে ৫ সদস্যের এই প্রতিনিধিদল সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— কোইকা বাংলাদেশ ও ভুটানের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সুজিন কং, ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং-এর ড. জং ইউন, কোইকা বাংলাদেশ ও ভুটানের প্রোগ্রাম ম্যানেজার সিউঙ্গা চো এবং কোইকা বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. নূর চৌধুরী।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. নাদিম আহমেদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসান, জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) পরিচালক নাহিদ উল মোস্তাক এবং এনআইএএনইআর-এর পরিচালক দীপালী রানী মল্লিক উপস্থিত ছিলেন।
বৈঠকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করার জন্য কোইকা প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গবেষণার মানোন্নয়নে বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিষয়ক সহযোগিতার পরিধি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এ সময় তিনি বাংলাদেশে নার্সিং শিক্ষা ও গবেষণার প্রসারে এনআইএএনইআর-এ পিএইচডি প্রোগ্রাম চালুর ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার বিষয়ে অতিথিদের আশ্বস্ত করেন।
উল্লেখ্য, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (এনআইএএনইআর) হলো দেশের প্রথম জাতীয় পর্যায়ের নার্সিং বিষয়ক স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান। কোইকার অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং কর্তৃক ২০২৩ সালে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









