বাংলাদেশ কোস্ট গার্ডের ঢাকা জোনের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কোস্ট গার্ড বেইস কাশীপুরে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। এই কার্যক্রমে এলাকার ৫৬৪ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে এই মেডিকেল ক্যাম্পেইন শুরু হয় এবং দুপুর ৩টা পর্যন্ত তা অব্যাহত থাকে। বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কাশীপুরে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, জনকল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









