কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লেও এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয় হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল। রাত ১১টা ৪০ মিনিটের দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে কাঁধে বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চোরাকারবারিরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করলে তারা রাতের আঁধারে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে খাকি রঙের প্যাকেট ও বায়ুরোধী নীল প্যাকেটে মোড়ানো মোট ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









