আগামী তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) ঢাকার মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, “চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্প এলাকায় ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই আপাতত গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে চলাচলকারী বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে।”
তিনি বলেন, “ঝিলমিল প্রকল্প এলাকায় ডিপোর জন্য ১০ একর জায়গা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে সেখানে ডিপো নির্মাণের কাজ শুরু হয়েছে। রাজউকের মাধ্যমে ভবিষ্যতে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে। ওই জায়গায় স্থায়ীভাবে বাস টার্মিনাল ও ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে।”
মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। সেখানে দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাস ও অন্যান্য পরিবহনের পাশাপাশি ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।
তিনি বলেন, “স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত ১০ একর জায়গায় অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল স্থানান্তর করা হবে।”
ডিএমপি কমিশনার বলেন, “আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে শিফট করা হবে।”
চুনকুটিয়ায় স্থানান্তরের পর পরিবহনগুলো শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্যে পরিচালিত হবে জানিয়ে তিনি বলেন, “নির্ধারিত নিয়মের বাইরে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









