শিক্ষার্থীদের স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, ‘‘বর্তমান সময়ে একজন শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, পাইলট, উদ্যোক্তা কিংবা রাজনীতিবিদ, নিজের পছন্দ অনুযায়ী যেকোনো পেশায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে।’’
শনিবার (৩ অক্টোবর) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে রাজীব আহসান বলেন, ‘‘শুধু ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়। সহপাঠীর সাফল্যে আনন্দিত হওয়া এবং তার দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর মানসিকতা থাকলে বুঝতে হবে, তার চিন্তাভাবনা ইতিবাচক ও সুন্দর।’’
তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরির আহ্বান জানান।
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী জানান, লেখাপড়ার খরচ বহন কিংবা পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী পারিবারিকভাবে সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। যতদিন বেঁচে থাকবেন, সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
কলেজে শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও অনুকূল রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে রাজীব আহসান বলেন, ‘‘শিক্ষার সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের বর্তমান সময়ের প্রস্তুতির ওপর। তাই লক্ষ্য ঠিক করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।’’
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে স্বাগত জানান জাতীয়তাবাদী ছাত্রদল উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজ শাখার নেতাকর্মীরা।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









