গাজীপুরের টঙ্গীতে এক ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানার গুটিয়ার আন্ধারুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ছাত্রলীগ নেতা নূর নবীর বাড়ির সামনে একটি পরিত্যক্ত বিস্কুটের কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। পরে কার্টনের ভেতর ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে। দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান জানান, জানমালের নিরাপত্তায় পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকা কর্ডন করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, কার্টন থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো কারা ও কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









