রাশিয়া থেকে আনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত পারমাণবিক জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম বহনকারী তিন লরির বহর পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে। প্রকল্প এলাকায় পৌঁছালে ইউরেনিয়াম বহনকারী কনভয়কে স্বাগত জানান প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাছান।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২১ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে লরিবহরটি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। নিরাপত্তার কারণে মহাসড়কের নির্ধারিত অংশে বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
প্রকল্প এলাকায় পৌঁছালে ইউরেনিয়াম বহনকারী কনভয়কে স্বাগত জানান প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাছান। এ সময় বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্র জানায়, শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে রাজধানী ঢাকা থেকে লরিবহরটি ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়। চালানটির নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, বিশেষ সিকিউরিটি ব্রিগেড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি বহনকারী বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।
প্রকল্প সূত্র আরও জানায়, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি পর্যায়ক্রমে দেশে আনার পরিকল্পনা রয়েছে। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে এসব জ্বালানি দেশে আসার কথা রয়েছে।
রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের আকাশসীমা অতিক্রম করে এসব চালান বাংলাদেশে আসবে। জ্বালানি পরিবহন ও সরবরাহে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









