দুবাই, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও সুয়েজ ক্যানেলসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মেরিটাইম হাবে বাংলাদেশি নাবিকদের ভিসা, ট্রানজিট, ক্রু-চেঞ্জ, শিপ-জয়েনিং ও সাইন-অফ সংক্রান্ত জটিলতায় বাংলাদেশি নাবিকরা চাকরি হারাচ্ছেন। এই জটিলতার দ্রুত নিরসনে সরকারের প্রতি জরুরি কূটনৈতিক পদক্ষেপের দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশন।
শনিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য উত্থাপন করেন মার্চেন্ট শিপিং ফেডারেশনের চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলী মাসুদ রানা।
সংবাদ সম্মেলনে ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রিলায়েন্স শিপিং সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের, ইউনিকর্ন শিপিং সার্ভিসের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সৈয়দ আমির হোসেন, মার্চেন্ট শিপিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মইন আহমেদ এবং এরিসটোক্রাট মার্চেন্ট মেরিন সার্ভিস লিমিটেডের ডিজিএম সুমন সিকদার।
লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্বব্যাপী দেশি-বিদেশি বিভিন্ন পতাকাবাহী জাহাজে প্রায় ১৬ হাজার বাংলাদেশি নাবিক কর্মরত আছেন। যারা প্রতি বছর প্রায় ৬০ থেকে ৬৭ কোটি মার্কিন ডলার (সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি) আয় করেন। সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাতে প্রবেশ, ট্রানজিট ও ক্রু চেঞ্জ অনুমোদন, মিশরের ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং পোর্ট সাঈদ ও সুইজ ক্যানেল অঞ্চলে সাইন অন এবং অফ-এর ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশি নাবিকরা সমস্যায় পড়ছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশেষ করে নির্ধারিত সময়ে ভিসা অনুমোদন না পাওয়ায় নিশ্চিত নিয়োগ থাকা সত্ত্বেও শতশত নাবিক সময়মত জাহাজে যোগ দিতে পারছেন না। ফলে বাংলাদেশ হারাচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। বাংলাদেশের ক্রু এবং মেরিন অফিসার ইঞ্জিনিয়ারদের জায়গায় ভারত এবং ফিলিপাইনের নাবিকরা চাকরি পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ভিসা জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ মেরিটাইম দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে মেরিটাইম কাউন্সিলর নিয়োগের প্রস্তাব দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 'আমরা কোনো দেশের অভিবাসন নীতির প্রতি অসম্মান প্রদর্শন করতে চাই না। আমরা চাই পারস্পরিক সহযোগিতা, কার্যকর কূটনৈতিক সমাধান এবং বাংলাদেশি নাবিকদের জন্য একটি নির্ভরযোগ্য ভিসা ও ক্রু পরিবর্তন ব্যবস্থা।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









