কুষ্টিয়ার মিরপুরের ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম আজুতলা বাজারে জামায়াত ও বিএনপির মুখোমুখি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘাত থামাতে গিয়ে ওসিসহ অন্তত ২ জন আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে আজুতলা বাজারে জামায়াত ও বিএনপি পৃথক প্রতিবাদ সভার ডাক দেয়। একই স্থান ও সময়ে দুই পক্ষ কর্মসূচির ঘোষণা দিলে এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় একটি মসজিদে রাজনৈতিক আলোচনা করা হচ্ছে, এমন অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বিরোধ তৈরি হয়।
শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা নির্ধারিত কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করার পরপরই বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় জামায়াতের কয়েকজন নেতার ওপর চড়াও হন বিএনপি কর্মীরা। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘‘হাতাহাতির সময় চোট পেয়েছিলাম, প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন শান্ত ও পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় টহল জোরদার করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









