নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ্ আল কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানজিদ হাসনাত (৪৪) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সোনারগাঁ উপজেলা কমিটির সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মোগরাপাড়ার ওই রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘‘গ্রেপ্তার সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করেছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









