পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামে একটি মার্কেটে লাগা আগুন চার ঘণ্টার বেশি সময় পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। সরু গলি, ঘন ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে। পরিস্থিতির প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
শাহজাহান হোসেন বলেন, ‘‘সরু গলির কারণে আমাদের বড় বড় গাড়িগুলো ঢুকতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।’’
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছিলেন, সোমবার বিকেল ৫টার দিকে মার্কেটটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।
তিনি জানান, মার্কেটের ষষ্ঠ তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়।
তবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









