রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে আরও ইউনিট যুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে প্রবেশ করতে সমস্যায় পড়ে। পাশের ভবনটি লাগোয়া থাকায় আগুনের শিখা বাইরে ছড়িয়ে পড়ে। এ ছাড়া বিদ্যুৎ ও ওয়াই-ফাইয়ের তারসহ বিভিন্ন তার জট পাকিয়ে থাকায় আগুনের উৎসে পানি পৌঁছাতেও দেরি হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন রাত সাড়ে ৯টার দিকে বলেন, ‘‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। এর মধ্যে সাতটি ইউনিট কাজ করছে।’’
তিনি বলেন, ‘‘সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ওই তলার অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।’’
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত ইউনিট যুক্ত করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









