ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের কেবিন ব্লকে গিয়ে তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের কাছ থেকেও তার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন এবং মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এ ছাড়া রক্তশূন্যতার কারণে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









