পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মো. জোবায়দুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার শরৎনগর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়দুল ভাঙ্গুড়া উপজেলার খাঁপাড়া এলাকার মো. শিরসা খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শরৎনগর রেলস্টেশনে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, জোবায়দুল গত এক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









