বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মরণে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কার্যকর উদ্যোগ নিয়েছিলেন।
সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি দেশীয় ক্রীড়াবিদদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন। বিদেশি দল বা খেলোয়াড়দের ওপর নির্ভর না করে নিজেদের খেলোয়াড়দের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
বক্তব্যের পর জাতীয় স্টেডিয়ামে পুরুষ ও নারীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন রাষ্ট্রপতি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতায় ৫৭টি সংস্থার মোট ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৪৩১ জন পুরুষ ও ১৩৪ জন নারী। পুরুষদের ২২টি এবং নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিযোগীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









