পরিবারের ঋণের বোঝা ও অভাব ঘোচাতে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ঘাটাইলের আনোয়ার হোসেন (৩৭)। পরিবারের সচ্ছলতা ফেরানোর সেই স্বপ্ন পূরণ হলো না তাঁর। কর্মস্থল থেকে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। এখন তার মরদেহ দেশে ফেরার অপেক্ষায় স্বজন ও গ্রামবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তার বড় ভাই সানোয়ার হোসেন মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার আনোয়ারকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সানোয়ার হোসেন জানান, তিন ভাইয়ের মধ্যে আনোয়ার ছিলেন মেঝ। ব্যবসায় ক্ষতি ও ঋণের চাপে দুই বছর আগে তিনি সৌদি আরবে যান। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে গিয়ে এখন তাকেই হারাতে হলো। বন্ধুদের মাধ্যমে তারা জানতে পেরেছেন, আনোয়ারের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।
আনোয়ারের মৃত্যুর খবর স্বজন ও সহকর্মীদের মাধ্যমে দেশে পৌঁছালে পরিবারে আহাজারি শুরু হয়। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা স্বজনেরা। বেইলা গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।
সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, আনোয়ার বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। দুঃসময়ে ছাত্রদল ও যুবদলের সঙ্গে যুক্ত থেকে দলের কার্যক্রমে অংশ নিয়েছেন। তাঁর মতো একজন তরতাজা যুবকের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









