জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের পর ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে যাত্রা স্থগিত করা হয়। পরে কারিগরি পরীক্ষা ও মেরামত শেষে যাত্রীদের বোর্ডিং শুরু হয়। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি নারিতা বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়ন বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের কথা জানিয়ে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন। এরপর প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন। ত্রুটি দূর করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পুনরায় যাত্রার প্রস্তুতি নেওয়া হয়।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









