২০০৭ সালের ১৫ নভেম্বর। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের সেই রাতে পরিবারের সদস্যদের নিয়ে গাছের ডালে আশ্রয় নিয়েছিলেন হনুফা বেগম। চারপাশে তখন প্রবল ঝড় আর জলোচ্ছ্বাসের তাণ্ডব। প্রাণে বাঁচলেও বাঁচাতে পারেননি ১২ বছরের ছেলে রাব্বিকে। পানির প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হয় সে। পরদিন বাড়ির পাশের একটি খড়ের গাদার কাছে মেলে তার নিথর দেহ।
সেই ঘটনার ১৯ বছর পেরিয়ে গেছে। কিন্তু সন্তানের শোক আজও বয়ে বেড়াচ্ছেন হনুফা। শুধু শোক নয়, প্রতিটি ঝড়-বৃষ্টিতে নতুন করে জেগে ওঠে আতঙ্ক। কারণ, পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বেপসাবুনিয়া গ্রামের তার সেই বাড়ির পাশে আজও নেই টেকসই বেড়িবাঁধ।
সিডরের পর সরকারি সহায়তায় নতুন ঘর পেয়েছেন হনুফা। কিন্তু নিরাপত্তা পাননি। জোয়ার ও বৃষ্টির পানিতে প্রায়ই তলিয়ে যায় বসতভিটা। গত বছরও গলাসমান পানিতে ডুবে গিয়েছিল বাড়ি। আক্ষেপ নিয়ে হনুফা বেগম বলেন, ‘সিডরে মোর সব শেষ হইয়া গেছে। মুই সন্তানকে হারাইছি। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। গত বছরেও গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’
হনুফার গল্প শুধু একটি পরিবারের শোকের দীর্ঘ শোক নয়; এটি পিরোজপুরের নদীতীরবর্তী অসংখ্য মানুষের দীর্ঘদিনের অনিশ্চয়তার প্রতিচ্ছবি। কালিগঙ্গা, কঁচা, সন্ধ্যা ও বলেশ্বর নদীর তীরবর্তী জনপদে বসবাসকারীরা এখনো নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারও বসতভিটা, কারও ফসলি জমি কেড়ে নিচ্ছে নদী।
সিডরে নিহত রাব্বির বোন শাহনাজের ভয়ও কাটেনি। তিনি বলেন, ‘আমাগো বলেশ্বর নদীর তীরে বাড়ি। এহানের অধিকাংশ মানুষই কৃষি কাম করে। মোগো এহানে কোনো পাহা ঘরবাড়ি নেই। যেকারণে সামান্য ঝড়েই ভয়ে থাহি। নিরাপদ আশ্রয়ে নেয়ার কোনো জায়গা নেই। এহানে একটা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র দরকার।’
একই শঙ্কা পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্ত্যখালী এলাকার ৮০ বছর বয়সী বুরূজান বিবির। প্রতিদিন নদীর পাড়ে গিয়ে দেখেন, কতটুকু জমি নদীগর্ভে বিলীন হলো। বর্ষা এলেই তাঁর মনে জাগে শেষ আশ্রয়টুকু হারানোর ভয়।
স্থানীয় বাসিন্দা চন্দন বিশ্বাস বলেন, বর্তমানে যে বেড়িবাঁধ রয়েছে, তা দিয়ে মানুষের জীবন রক্ষার নিশ্চয়তা নেই। সামান্য ঝড় বা জলোচ্ছ্বাসেই লোকালয় পানিতে তলিয়ে যায়। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে নদীভাঙনকবলিত মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে।

২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা ঘূর্ণিঝড় সিডরে পিরোজপুরের উপকূলীয় জনপদে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জিয়ানগর, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলা। সরকারি হিসাব অনুযায়ী, সিডরে জেলার সাত উপজেলায় ৪০৯ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি। নষ্ট হয় ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি ফসলি জমি। এ ছাড়া জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ঘূর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সিডরের পরদিন থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়। নিজস্ব ও বিদেশি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি নির্মাণেও সহযোগিতা করা হয়েছিল। বর্তমানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টের প্রস্তুতি রয়েছে।
বেড়িবাঁধ সংস্কার ও পুনর্নির্মাণের বিষয়ে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত জিয়ানগর (ইন্দুরকানী)-হুলারহাট এলাকার বেড়িবাঁধ পরবর্তী সময়ে পুনর্নির্মাণ করা হয়েছে। এসব বেড়িবাঁধ এফসিডিআই বেড়িবাঁধ নামে পরিচিত। এ ছাড়া অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় শংকরপাশা ও শারিকতলা এলাকায় কিছু বেড়িবাঁধ মেরামত করা হয়েছে।
অন্যদিকে পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, দুর্যোগের আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে জেলাজুড়ে নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে জেলায় ৪০০টির বেশি সাইক্লোন সেন্টার রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বেড়িবাঁধের অনেকাংশ মেরামত করা হয়েছে। যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
তবে নদীতীরের মানুষের কাছে আশ্বাসের চেয়ে এখন বেশি জরুরি টেকসই বেড়িবাঁধ, নিরাপদ আশ্রয়কেন্দ্র ও স্থায়ী সুরক্ষা। ১৯ বছর আগে সিডরের জলোচ্ছ্বাসে সন্তান হারানো হনুফা বেগমের কাছে সময় থেমে আছে সেই ভয়াল রাতেই। প্রতিটি জোয়ার, প্রতিটি ঝড় তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই দুঃসহ স্মৃতিতে।
সন্তানকে আর ফিরে পাবেন না হনুফা। কিন্তু তার মতো আর কোনো মাকে যেন এমন শোকের মুখোমুখি হতে না হয়, সেই নিশ্চয়তাটুকু চান উপকূলের মানুষ। তাঁদের প্রশ্ন—আর কত প্রাণহানি, আর কত দুর্যোগের পর মিলবে নিরাপদ বসবাসের নিশ্চয়তা?


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








