রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে ও বাড্ডা লিংক রোডে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে।
পল্লবীতে বাসে আগুনের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে অন্য দুটি ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘‘বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’’
এরপর রাত ৯টা ২৫ মিনিটের দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘খবর পেয়ে আমাদের দুই ইউনিট সেখানে গিয়েছে। সেখানে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তারা জানতে পারেননি।’’
সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, “একটি বাসে কে বা করা আগুন দিয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান বলেন, “বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








