মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারায়ণগঞ্জের জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৮:৪৬ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৮:৪৬ পিএম

নারায়ণগঞ্জের জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নে কুরবানির পশুর হাট পরিচালনার অনুমতি না পাওয়া, প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজির অভিযোগ এবং হামলা-ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমরা জুলাই যোদ্ধা সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এসময় জুলাই অভ্যুত্থানে আহত ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত কয়েকজন যোদ্ধাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধারা বলেন, জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে যেসব যোদ্ধা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি কুরবানির পশুর হাট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে জেলা পরিষদ প্রশাসকের কাছে আবেদন করলে তিনি বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসকের কাছে একটি সুপারিশপত্র প্রদান করেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সুপারিশপত্র নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও দীর্ঘসময় অপেক্ষার পরও তারা সাক্ষাৎ পাননি। পরে জেলা পরিষদ প্রশাসক তাদের কাজ শুরু করার আশ্বাস দেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলে সেখানেও দীর্ঘসময় অপেক্ষার পর সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রূপগঞ্জ উপজেলার ইউএনও কার্যালয়ের বাইরে অবস্থানরত কিছু ব্যক্তি পূর্ব থেকেই তাদের কাছে চাঁদা দাবি করছিল। পরে ইউএনও’র সঙ্গে সাক্ষাৎ হলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং পশুর হাটের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দেন।

জুলাই যোদ্ধাদের দাবি, তারা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে নিজেদের সঞ্চিত অর্থ ও সংগৃহীত ফান্ড হাট পরিচালনার কাজে বিনিয়োগ করেছিলেন। কিন্তু পরবর্তীতে উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা হাটের প্রস্তুতি কাজে বাধা দেন। একই সঙ্গে চাঁদা দাবিকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে ব্যানার, সরঞ্জাম ও হাটের বিভিন্ন মালামাল ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধারা বলেন, যে আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, আজ সেই আন্দোলনের যোদ্ধারাই অপমান, হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছি।

এ সময় তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত এবং নিরাপত্তা দিয়ে পশুর হাট পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ, আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর আমরা জুলাই যোদ্ধা; হীরা, আহ্বায়ক সদস্য, নারায়ণগঞ্জ মহানগর, কাউছার আহমেদ সুমন, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা আমরা জুলাই যোদ্ধা কমিটি, সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, নারায়ণগঞ্জ জেলা আমরা জুলাই যোদ্ধা,মো. লিটন, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর, এবং মো. আলামিন, সদস্য, নারায়ণগঞ্জ জেলা আমরা জুলাই যোদ্ধা।

ই/না/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.