“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে তিনদিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ ও মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রাঙ্গাবালীতেও ভূমি সেবা সপ্তাহ ও মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় নামজারি, খতিয়ান ও পর্চা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা সরাসরি বুথের মাধ্যমে প্রদান করা হচ্ছে। পাশাপাশি অনলাইনভিত্তিক ভূমি সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে।
আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা দেওয়া হবে। তারা সাধারণ মানুষকে মেলায় এসে সরাসরি সেবা নেওয়ারি আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









