বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সোনারগাঁয়ে ভূমিসেবা মেলায় সেবার দরজা বন্ধ

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০১:২৩ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০১:২৩ পিএম

সোনারগাঁয়ে ভূমিসেবা মেলায় সেবার দরজা বন্ধ

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"— এই প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবারই দেশব্যাপী তিন দিনের ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে বাটন প্রেস করে আনুষ্ঠানিকভাবে তিনি এই মেলার উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পরের দিনই (২০ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমি অফিসের ভিন্ন চিত্র দেখা গেছে। অধিকাংশ কর্মকর্তার কক্ষ বন্ধ থাকায় ক্ষোভ ও হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন সেবাগ্রহীতারা।

আজ বুধবার সকাল থেকেই সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কাঁচপুর সার্কেল অফিসে কোনো কর্মকর্তার দেখা মেলেনি। অথচ আজ মিসকেস মামলার গণশুনানি থাকার কথা ছিল। ফলে সকাল থেকে শতাধিক সেবাগ্রহীতা অধীর আগ্রহে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত কর্মকর্তাদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

সেবাগ্রহীতাদের প্রশ্ন, "প্রধানমন্ত্রী যেখানে সেবামেলা ঘোষণা করেছেন, সেখানে মেলা চলাকালীন কর্মকর্তারা অফিসেই আসেননি। যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশেরই তোয়াক্কা করা হচ্ছে না, সেখানে আমাদের সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে, তা সহজেই অনুমেয়।"

সরেজমিনে ভূমি অফিসে গিয়ে দেখা যায়, দুটি অফিসেই ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জা আর ইন্টেরিয়র ডিজাইনের কোনো কমতি নেই। গণশুনানির ঘরটিও চমৎকারভাবে সাজানো। চারদিকে সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড় থাকলেও সেখানে অনুপস্থিত স্বয়ং এসিল্যান্ড।

সেবাগ্রহীতা আলাউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, "বাজেট এসেছে, তাই সাজসজ্জা আর অনুষ্ঠান করেছে— এইতো বেশি। এর চেয়ে বেশি কিছু আমাদের আশা করাই ভুল।"

কাঁচপুর সার্কেলের সেবাগ্রহীতা সামসুদ্দিন হোসেন বলেন, "দীর্ঘ চার বছর ধরে অফিসে আসছি আর হাজিরা দিয়ে যাচ্ছি, কাজের কাজ কিছু হচ্ছে না। আমাদের এই হয়রানি দেখার যেন কেউ নেই।" নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন অভিযোগ করেন, ইউনিয়ন নায়েব এক বছর আগে মিসকেস মামলার দখল প্রতিবেদন দিলেও রহস্যজনক কারণে তা নিষ্পত্তি করা হচ্ছে না।

অনুপস্থিতির বিষয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীম মুঠোফোনে জানান, তিনি ডিসি অফিসে মিটিংয়ে আছেন। তিনি উল্টো প্রশ্ন করে বলেন, "আমি নেই তো কী হয়েছে, আরো লোক তো আছে।" তবে তারা তার দায়িত্ব পালন করতে পারবেন কি না, এমন প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। পরে তার কার্যালয়ে গিয়ে অধিকাংশ কর্মকর্তার কক্ষই তালাবদ্ধ পাওয়া যায়।

অন্যদিকে, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান জানান, ভূমিসেবাবিষয়ক জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি মিটিং থাকায় তিনি কার্যালয়ে আসতে পারেননি। মিটিং শেষে চলে আসবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত সহকারী কমিশনারদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিসেবার ওপর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিটিং থাকায় তারা সেখানে অংশ নিয়েছেন।

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে প্রতিবেদককে উল্টো প্রশ্ন করেন, "দু'জন এসিল্যান্ডের একজনকেও পাচ্ছেন না? ঠিক আছে, আমি খবর নিয়ে দেখছি ওখানে কিসের মিটিং হচ্ছে।"

ক/সো/কাও

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.