বগুড়ার সারিয়াকান্দিতে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ মে (বুধবার) বিকেল ৩টায় উপজেলা খাদ্য গুদামে এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের অনুপস্থিতিতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সম্রাট খান এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) রাশেদুল ইসলাম। এছাড়াও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সারিয়াকান্দিতে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৪০৩ মেট্রিক টন। প্রতি কেজি ৩৬ টাকা দরে উপজেলার মোট ৪৬৮ জন কৃষকের প্রত্যেকের কাছ থেকে ৩ টন করে এই ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে, ৪৯ টাকা কেজি দরে মোট ১,৩১২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









