শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রাজলক্ষী পূরবী (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলার সিংগাচুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, বিদেশ যাওয়ার জন্য যৌতুকের টাকা না পেয়ে স্বামী চঞ্চল হালদার তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিন বছর আগে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার কৃষক সুনীল মণ্ডলের মেয়ে রাজলক্ষী পূরবীর সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার সিংগাচুড়া এলাকার রামচন্দ্র হালদারের ছেলে চঞ্চল হালদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য পূরবীর ওপর চাপ সৃষ্টি করা হতো বলে অভিযোগ রয়েছে।
স্বজনদের দাবি, চঞ্চল হালদার সম্প্রতি বিদেশ যাওয়ার পরিকল্পনা করেন এবং এ জন্য স্ত্রীর বাবার কাছ থেকে ৪ লাখ টাকা দাবি করেন। মঙ্গলবার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে টাকা আনতে বলেন। কিন্তু দরিদ্র বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পূরবী শ্বশুরবাড়িতে ফিরে আসেন।
নিহত পূরবীর বাবা সুনীল মণ্ডল বলেন, “আমার একটাই মেয়ে। জামাই প্রায়ই টাকার জন্য মেয়েকে মারধর করত। আগে অনেক টাকা দিয়েছি। কিন্তু এবার ৪ লাখ টাকা দিতে পারিনি। তাই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।”
মা দুলালী রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগেও জামাইকে ৭০ হাজার টাকা দিয়েছি। বারবার টাকা চাইত। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব? আজ টাকার জন্য আমার মেয়েকে হারাতে হলো।”
তবে অভিযোগ অস্বীকার করে চঞ্চল হালদারের পরিবার বলছে, পূরবী আত্মহত্যা করেছেন।
চঞ্চলের মা লক্ষী রানী জানান, বিদেশ যাওয়ার জন্য টাকা চাওয়া হয়েছিল। কিন্তু টাকা না পেয়ে পূরবীর সঙ্গে তার বাবার ঝগড়া হয়। পরে তিনি শ্বশুরবাড়িতে ফিরে এসে আত্মহত্যা করেন বলে দাবি করেন তিনি।
শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসান বলেন, “বুধবার সকালে তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।”
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









