বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:৪৮ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৮:৪৮ পিএম

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা দুই দিনে হাসপাতালটিতে চার শিশুর প্রাণহানির ঘটনা ঘটলো। নতুন এই দুই মৃত্যুতে বরিশাল বিভাগজুড়ে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বুধবার (২০ মে) সকালে হাসপাতালটির প্রশাসনিক শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

মৃত শিশুদের একজন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মনিরুজ্জামানের ছেলে সাড়ে চার মাস বয়সী আলী আজগর। অন্যজন পটুয়াখালীর হাজীখালী সদর এলাকার রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ।

হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে আলী আজগর গত ১৭ মে এবং মুয়াজ ১৮ মে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়াজনিত জটিলতায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক এ কে এম মশিউল মুনীর বলেন, “গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হওয়ায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।”

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৩৪১ জনে।

এদিকে বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক লোকমান হাকিম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হাম সন্দেহভাজন ১৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৫ হাজার ৭১২ জন হাম সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩ জনে। নতুন দুই শিশুর মৃত্যু নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ জন।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ডা. লোকমান হাকিম।

তিনি বলেন, “আমরা আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসাসেবা দিচ্ছি। বিভিন্ন হাসপাতালের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। কীভাবে মৃত্যুহার কমিয়ে আনা যায়, সে বিষয়ে কাজ চলছে।”

অ/ব/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.