পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী তেতুলতলায় সামাজিক সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে মোস্তাক আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, জাতীয় পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, মহিলা উদ্যোক্তা ও সাংবাদিক জয়িতা মর্জিনা আক্তার মাহি, দৈনিক কালবেলা’র তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, শিশুস্বর্গ ফাউন্ডেশনের সহকারী শিক্ষিকা আঁখি আক্তার এবং সহকারী শিক্ষক সোহরাব হোসেন সোহাগ।
বক্তারা বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমান সমাজে শিশুদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের তেঁতুলিয়া শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু, সহ-সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক রতন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দীন।
প্রতিবাদ সমাবেশে সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









