বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি ও সুফল তুলে ধরে বরগুনায় প্রেস ব্রিফিং ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ মে ) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে’ জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা তথ্য অফিসার মো. সেলিম, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জাতীয় দৈনিক এদিন পত্রিকার বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনায় জানানো হয়, বরগুনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে বর্তমানে ৫১টি খাল খননের কাজ চলমান রয়েছে। পাশাপাশি জেলার ২১ হাজার কৃষকের মোট ১৮ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং নারীর জন্য গাড়ি কর্মসূচির আওতায় সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন, সে বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়।
সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ‘‘সম্মানিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে সরকার প্রদত্ত সকল সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।’’
তিনি আরও বলেন, ‘‘সরকারের এসব জনমুখী উদ্যোগ বরগুনার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি এসব তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ও সঠিকভাবে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।’’
সভায় জেলা প্রেস ক্লাবের সভাপতি, বরগুনার পরিবেশ সুরক্ষা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের স্বার্থে বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









