গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া। মানববন্ধনে তারা এস আলমের শাস্তি, ব্যাংকের ব্যবস্থাপনা ও ইসলামী ব্যাংকিং খাত সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন।
রবিবার (২৪ মে) সকালে ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনকারীরা জোরালোভাবে দাবি তোলেন যে, এস আলমকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে থাকা অভিযোগসমূহের সুষ্ঠু তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখতে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করা প্রয়োজন।
তারা অভিযোগ করেন, তাকে জোরপূর্বক পদচ্যুত করার চেষ্টা ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ ও গ্রাহকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বক্তারা আরও অভিযোগ করেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীম ব্যাংকের পরিবেশ ক্ষতিগ্রস্ত করছেন এবং তাকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে ব্যাংকের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলামী ব্যাংকের ওপর ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ করতে হবে। তারা অভিযোগ করেন, ব্যাংকের কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা বলেন, আর্থিক খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে জনগণের আস্থা ফিরিয়ে আনা কঠিন হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
ইসলামী ব্যাংকের গ্রাহক অ্যাডভোকেট মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহক অধ্যাপক শহীদুল্লাহ, অধ্যক্ষ মোনায়েম মুন্না, প্রবীণ গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম খোকন, সাবেক ব্যাংকার আবু জাহের, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, সাবেক ব্যাংকার বেলাল হোসেন, সালমা বেগম, ফাতেমা আক্তার, জুঁই আক্তার প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









