নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ওসমান গনিকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক হুইপ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আড়াইহাজার উপজেলার শাখার সভাপতি নজরুল ইসলাম বাবুকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জনসহ অজ্ঞাত আরও ৩০ জনকে।
সোমবার (২৫ মে) বিকেলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন মামলার বিষয়টি দৈনিক এদিনকে নিশ্চিত করেছেন।
এর আগে বিএনপি নেতা ওসমান গনি হত্যার চারদিন পর রবিবার রাতে নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় এই মামলাটি দায়ের করেন।
নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই সাথে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
এজাহারনামীয় ১২ আসামির মধ্যে আওয়ামী লীগের দু’জন ছাড়া বাকি সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। মামলার অপর আসামিরা হলেন- ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাঈম হাসান, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া, দুপ্তারা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জুম্মন আলী, শাহ আলম, বাবু মিয়া, মো. রজমান, সুমন মিয়া, সোলেমান হোসেন, আল আমিন, রাতুল মিয়া, সাইফুল ইসলাম।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বাদীর স্বামী ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাটি কাটার ভেকু ভাড়া দিয়ে দুপ্তারা ইউনিয়ন কাউন্দার চক কবরস্থান এলাকায় তার কেনা মাটি কেটে আসছিলেন।
এজাহারে বলা হয়, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর নির্দেশে আসামি নাঈম হাসানের ছত্রছায়ায় চাঁদাবাজি, সন্ত্রাসী অপকর্ম করে আসছিল। বিবাদীরা কয়েকদফা তার স্বামী ওসমান গণির কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বাকবিতণ্ডা হলে প্রকাশ্যে কয়েক দফা ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। এর জের ধরে গত ২০ মে রাতে দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও কাউন্দা চক কবরস্থান এলাকায় ভেকুতে মাটি কাটা কার্যক্রম পরিদর্শনের গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওসমান গণিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা হত্যা করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘‘এ ঘটনায় ইতোমধ্যে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া, মো. রজমান, সুমন মিয়া, সোলেমান হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









