শরীয়তপুরের জাজিরা উপজেলায় ফসলি জমিতে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে রাহাত মাদবর (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
শুক্রবার (২৯ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরধুপুর চর কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত রাহাত ওই এলাকার সামসু মাদবরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি ফসলি জমি থেকে মরিচ আনতে যায় রাহাত। এ সময় বাবুল মাদবরের ভিটার পাশে পড়ে থাকা ককটেল সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি হাতে তুলে নেয় এবং নাড়াচাড়া করতে থাকে। একপর্যায়ে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে রাহাতের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রাহাতের চাচা বাবুল মাদবর বলেন, “জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছে। কে বা কারা সেখানে ককটেলটি রেখে গেছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন।”
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে গিয়ে আহত শিশুর সঙ্গেও কথা বলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









