কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে করিমগঞ্জ উপজেলার নামাপাড়া, কুর্শ্বাখালী ও বড়চর এলাকাসহ পুরো কাদিরজঙ্গল ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়াত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, পারিবারিক দ্বন্দ্বসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।
এ নিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি ও সেবনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অদৃশ্য শক্তিতে মাদক ব্যবসায়ীরা মুক্তি পেয়ে যায়।
বিক্ষোভে অংশগ্রহণকারী গাজীপুর থানার এসআই মমিনুল হক গোলাপ বলেন, ‘‘অবৈধ খাদ্যদ্রব্যের নাম মাদক। এই মাদকের সাথে যারা জড়িত তাদেরকে প্রথমে বোঝাতে হবে। এতে কাজ না হলে প্রশাসনের সহায়তায় তাদেরকে প্রতিহত করতে হবে।’’
বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় কোমলমতি শিক্ষার্থীসহ ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









