উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমানো এবং আসন সংকট নিরসনের লক্ষ্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরগুনার ৩টিসহ মোট ১৩টি নতুন পরীক্ষা কেন্দ্রের অনুমোদন দিয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ইতোমধ্যে অনুমোদনের বিষয়টি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
নতুন অনুমোদন পাওয়া বরগুনার কেন্দ্রগুলো হলো বেতাগী উপজেলার বিবিচিনি নিয়ামতি স্কুল অ্যান্ড কলেজ, বামনা উপজেলার হলতা-ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজ এবং তালতলী উপজেলার উম্মুল কুরা কলেজ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়। এতে সময়, ব্যয় ও ভোগান্তি বাড়ার পাশাপাশি পরীক্ষার্থীদের মানসিক চাপও বৃদ্ধি পায়। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন কেন্দ্র অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে নতুন কেন্দ্রগুলো মূল ভেন্যু হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে পরীক্ষা গ্রহণে সরকারি বিধি-নিষেধ এবং শিক্ষা বোর্ডের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









