রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাত কিশোরের (১৬) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলব্রীজ এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই কিশোর ব্রীজের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়। এখন পর্যন্ত নিহত ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে পাংশা সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, কালিকাপুর ব্রীজে ধাক্কা ট্রেনের ছাদে থাকা একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









