বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহতরা হলেন, বরগুনার কালিবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪), তার কন্যা আরাধ্য বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)। ইতি রানী জেলা পরিষদ ডাকবাংলোয় ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বিকেলে ডাকবাংলোর কর্মচারীরা তৃতীয় তলার একটি কক্ষে নক করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে মা ও দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম।
পুলিশ জানিয়েছে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. আলীম বলেন, ‘‘ঘটনার বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









