পাবনার চাটমোহরে এক দিনমজুরের বাড়িতে তার স্ত্রীকে বেঁধে রেখে নগদ টাকা ও রুপার গহনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই গৃহবধূ তার শিশুসন্তানকে নিয়ে বাড়িতে একাই ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোলং গ্রামের দিনমজুর হাসিনুর রহমান কাজের জন্য ঈশ্বরদী এলাকার একটি ইটভাটায় অবস্থান করছেন। তার স্ত্রী শিউলী খাতুন (৩০) সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। সোমবার গভীর রাতে ৫ থেকে ৭ জনের একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। পরে তাকে বেঁধে রেখে বাড়ি থেকে নগদ টাকা ও রুপার গহনা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলিউর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









