মানসিক রোগ নিয়ে কুসংস্কার ও ভুল ধারণা দূর করে বৈজ্ঞানিক চিকিৎসা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের সচেতনতামূলক বক্তব্যের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক সুস্থতাও গুরুত্বপূর্ণ। সচেতনতার অভাব ও সামাজিক সংকোচে অনেকে প্রয়োজনীয় চিকিৎসা নেন না। মানসিক সমস্যাকে অলৌকিক প্রভাব মনে করে কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি। এতে তারা ইতিবাচক পরিবেশে পড়াশোনা করে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠতে পারবেন। সন্তানদের মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হতে তিনি অভিভাবকদের আহ্বান জানান।
ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোরোগবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী। তিনি বলেন, মানসিক রোগের বৈজ্ঞানিক ভিত্তি ও চিকিৎসা রয়েছে। জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার জোরদার করা প্রয়োজন।
বক্তারা মানসিক স্বাস্থ্যসেবায় অবহেলা না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে কুসংস্কারমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল ‘যাপিত অভিজ্ঞতার কথা শুনি: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









