সরকারের সড়ক, নৌ-পরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম ও একই মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের ডিজেল ইঞ্জিন মেরামতের সর্ববৃহৎ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি পার্বতীপুরে এসে পৌছালেও সফরকারী প্রতিনিধিদল পার্বতীপুরস্থ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে যান। মন্ত্রী-প্রতিমন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের সাথে কারখানার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
কারখানা পরিদর্শন শেষে রেলমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সাথে বাংলাদেশ রেলওয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বাংলাদেশ রেলওয়েকে নিয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
রেলমন্ত্রী জানান, ভবিষ্যৎ রেলপরিবহন ব্যবস্থাকে জনবান্ধব করে গড়ে তোলা হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের সাথে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেলযোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করা হবে। এ জন্য রেলখাতের উন্নয়নে বড় বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে রেলপথে ট্রেন চলাচলে যুক্ত করার জন্য তিন ধাপে আরও ৮০ টি লোকোমোটিভ আমদানীর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী অতীতের সরকারের কঠোর সমালোচনা করে বলেন, তারা রেলওয়ের উন্নয়নে কোন উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেনি। বরং উন্নয়নের নামে বহুলাংশে রেলওয়েকে ধ্বংশের পথে নিয়ে গেছে।
পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন কালে রেল প্রতিমন্ত্রী ছাড়াও তার সফর সঙ্গী হিসাবে রেল মন্ত্রনালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ ও কারখানার প্রধান নির্বাহী হাসানুজ্জামান সহ রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কারখানা পরিদর্শন শেষে সফরকারী রেলমন্ত্রী, রেল প্রতিমন্ত্রী, রেল মন্ত্রনালয়ের সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কারখানা চত্বরে চারটি জলপাইয়ের চারা রোপন করেন। পরে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসানুজ্জামানের সম্মেলন কেন্দ্রে কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একান্ত বৈঠকে করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









