রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ রোড রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশনটি আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় স্টেশন উন্নয়ন বাস্তবায়ন কমিটির আয়োজনে স্টেশন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর এবং শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ সরদহ রোড স্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে স্টেশনটিতে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবির বিষয়ে কথা বলেন। তিনি এলাকার মাদক সমস্যা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্ব দেন।
সমাবেশে বক্তারা বলেন, স্টেশনটিতে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। যাত্রীদের সুবিধায় স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও পরিবেশের উন্নয়ন প্রয়োজন। এসব দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসউদ, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









