সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর পর সেই শোকে কিছুক্ষণ পর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এক মা। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) নিজ বাড়িতে মারা যান। দুপুরে পরিবারের সদস্য ও স্বজনেরা মৃত সাইফুলের মরদেহ দাফনের জন্য স্থানীয় কবরস্থানে নিয়ে যান।
ছেলেকে শেষবিদায় জানানোর কিছুক্ষণ পরই দুপুর সোয়া ১টার দিকে চরম শোক সইতে না পেরে মা তারা বানু (৭৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন বলেন, ‘‘ছেলের লাশ দাফন করতে কবরস্থানে নেওয়ার পরপরই প্রবীণ নারী তারা বানু মারা যান। পরে বিকেলে বেতুয়া দক্ষিণ পাড়া কবরস্থানে মা ও ছেলে দুজনকেই পাশাপাশি দাফন করা হয়েছে।’’
একই দিনে অল্প সময়ের ব্যবধানে মা ও ছেলের এমন প্রয়াণে বেতুয়া গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









