পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক ইউপি সদস্যকে মুঠোফোনে পা ভেঙ্গে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক ফিরোজ মুন্সির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের (গঙ্গিপাড়া-সামুদাবাদ) ইউপি সদস্য আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল করে তাকে হুমকি দেন ফিরোজ মুন্সি। রাতেই ওই কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া অডিওতে ইউপি সদস্যকে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। একই সঙ্গে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং পায়ের নলা ভেঙে ফেলার হুমকি দিতেও শোনা যায়।
কথোপকথনের একপর্যায়ে ফিরোজ মুন্সিকে বলতে শোনা যায়, ‘‘চাঁদা নেয় কিনা তুই যে জিজ্ঞাসা করোস, তুই কি মেয়র?’’ এছাড়া ফ্যামিলি কার্ড ইস্যুতে এক নারীর ভিডিও ধারণ এবং এ বিষয়ে প্রশ্ন তোলার বিষয়েও ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় তাকে।
ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘‘এক নারী আমাকে জানায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ফিরোজ তাকে কুপ্রস্তাব দিয়েছেন। আমি এই কথার ভিডিও ধারণ করি। এর জের ধরেই আমাকে ফোন করে হুমকি ও গালিগালাজ করা হয়েছে। নিরাপত্তার জন্য এ ঘটনায় থানায় জিডি করেছি।’’
জিডিতে আমিনুল ইসলাম উল্লেখ করেন, ফিরোজ এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। রাঙ্গাবালীতে এখনও কার্যক্রম শুরু না হলেও স্থানীয় লোকজনকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সে হয়রানি করে। বিষয়টি জানতে পেরে তিনি এলাকাবাসীকে সচেতন করলে অভিযুক্ত তার ওপর ক্ষুব্ধ হয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
এ বিষয়ে অভিযুক্ত শ্রমিক দল নেতা ফিরোজ মুন্সি বলেন, ‘‘আমার সম্মানহানি করার জন্য এআই প্রযুক্তির মাধ্যমে হুমকির ওই রেকর্ড এডিট করা হয়েছে। এছাড়া এক মহিলা ভিডিওতে যে বর্ণনা দিয়েছে, এটাও সম্পূর্ণ মিথ্যা। আমিনুলের সাজানো ষড়যন্ত্র।’’
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘‘ইউপি সদস্যকে মোবাইলে হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









