বরিশালের গৌরনদীতে টরকী বন্দরে চাঁদা না পেয়ে দুই ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে অর্ধবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে তারা বিক্ষোভ করে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা সকল প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
এদিন সকাল ১০টায় টরকী বন্দর বণিক সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
সভাপতির বক্তব্যে সমিতির শরীফ শাহাবুব হাসান বলেন, ‘‘টরকী বন্দর ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। এখানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।’’
ব্যবসায়ীরা জানান, বন্দর এলাকার বাসিন্দা রেজাউল শিকদার কয়েকদিন আগে ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা চাঁদা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল শিকদার সহযোগীদের নিয়ে মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত আটটার দিকে দুই ব্যবসায়ীর ওপর হামলা করেন।
বণিক সমিতির সভাপতি শরীফ শাহবুব হাসান জানিয়েছেন, রেজাউল শিকদার সন্ত্রাসী ও মাদকাসক্ত হিসাবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগও রয়েছে। ঢাকায় থাকলেও রেজাউল ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে আসেন। তখনই দুই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। ওই টাকা না পেয়ে হামলা করেন।
বক্তব্য জানতে রেজাউল শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ মেলেনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘‘এ ঘটনায় মামলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









