কক্সবাজারের উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে পারভীন আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলিরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভীন আক্তার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার আবদুল গফুরের মেয়ে। অভিযুক্ত স্বামী আবদুল আলম পাগলিরবিল এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
নিহতের ছোট বোন ইয়াসমিন আক্তার জানান, সকালে খাবার খাওয়ার সময় পারভীন ও তার স্বামীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আবদুল আলম স্ত্রীকে মারধর করেন। পরে পারভীন বাবার বাড়িতে চলে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হলে স্বামী পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সৌদি প্রবাসী কামাল উদ্দিন জানান, পারভীনের সংসারে তিন সন্তান রয়েছে। স্বামী রাজমিস্ত্রির কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের পরিবারে আর্থিক সংকট বিরাজ করছিল। বিভিন্ন সময়ে তারা সহযোগিতা করলেও অভাব-অনটনের কারণে সংসারে অশান্তি লেগেই থাকত।
স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, পারিবারিক অভাব-অনটনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে আবদুল আলম স্ত্রীকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘‘হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত স্বামী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









