নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি সংকটে রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) নগরীতে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বাজারে গিয়ে মানুষ প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। জনগণের স্বার্থ বিবেচনা না করে নেওয়া এসব সিদ্ধান্ত তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।’’
সমাবেশে তিনি আরও বলেন, ‘‘দেশের মানুষ একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে।’’ কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমার পরিবর্তে আরও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে জনমনে অসন্তোষ আরও বাড়বে।
জ্বালানি খাতের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পরিবহন, কৃষি, শিল্প উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। ফলে মূল্যস্ফীতির চাপ বহুগুণে বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ তার চরম মূল্য দেয়।’’
আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘‘দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাধ বৃদ্ধিতে সাধারণ মানুষ উদ্বিগ্ন। জনগণের জানমাল ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।’’
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, তারিকুল ইসলাম এবং বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান নাঈম।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের শহীদসহ মহানগর জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









