পিরোজপুরে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। শুক্রবার (০৫ জুন) সকালে দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া আব্দুল গনি শিকদার (৬০) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু আজ সকালে বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল তুলতে গেলে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে ওই শিশুকে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। বর্তমানে ভুক্তভোগী পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর মা জানান, সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করতে বাহিরে বের হয়। আমাদের বাসার কাছেই বলেশ্বর নদী হওয়ায় সেখানে ফুল তুলতে যায়। পরে আব্দুল গনি আমার মেয়েকে জোর করে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে আমি খবর পেয়ে সেখানে গেলে আমাকেও মারধর করার হুমকি দেয়। পরে আমি থানায় জানালে পুলিশ আমার মেয়ে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









