বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন ফরিদপুর-১ আসনের (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গার কামারগ্রামে বাবা ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
আরিফুর রহমান দোলন বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। সবাই মিলে জাহাজ প্রতীকের জয় নিশ্চিত করতে হবে। এজন্য ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
এদিন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর বিভিন্ন জায়গা থেকে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে কামারগ্রামে দোলনের বাড়িতে। সেখানে তিনি সমবেত কর্মী-সমর্থকের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এরপর বাড়িতে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি এলাকা আলফাডাঙ্গার চরডাঙ্গা বাজার, পানাইল বাজার, গোপালপুর বাজার, মালা-বড়বাগসহ আশপাশে গণসংযোগ করেন আরিফুর রহমান দোলন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









