মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল চালক ও আরোহীরা।
শনিবার (৬ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক পরিসংখ্যানে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মে মাসে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায় এবং কম মৌলভীবাজারে। জেলাভিত্তিক পরিসংখ্যানে সিলেট জেলায় ২১ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, দুটি জাতীয় দৈনিক, নিসচার শাখা সংগঠনগুলোর তথ্য এবং অপ্রকাশিত কিছু ঘটনার সত্যতা যাচাই করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









