নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে। আটককৃতরা হলেন, হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন (৪০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদের সঙ্গে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান। এদিন সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে দলবলসহ দেশয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে যান। জানতে পেরে আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।’’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘‘ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









